— বিজ্ঞাপন —

স্মৃতিতে শাপলা : হা. মাও. নূরে আলম জাহাঙ্গীর

1000195689
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঢাকা শহর তখন আমার কাছে একেবারেই অচেনা—ব্যস্ত, বিশাল এবং কিছুটা অস্থিরতাপূর্ণ। আমি এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন ঢাকার পথে পা রাখি, তখনো বুঝিনি এই সফর আমার জীবনের এক গভীর স্মৃতি হয়ে থাকবে।

তখন আমি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শরহে জামির ছাত্র এবং ক্লাসের আমির (ক্লাস ক্যাপ্টেন)। সহপাঠীদের নিয়ে আমরা ৪ মে পড়ন্ত বিকেলে রওয়ানা দিই ঢাকার উদ্দেশ্যে। এটি ছিল আমার জীবনের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১২ সালে গিয়েছিলাম মুফতি আমিনী রহিমাহুল্লাহর জানাজায়।

সেই সময় হেফাজতে ইসলামের ডাকে শাতেমে রাসুলের বিচারের দাবীতে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচিতে অংশ নিতে আমাদের এই যাত্রা। ঢাকায় পৌঁছে আমরা রাত কাটাই মাদানীনগর মাদ্রাসা-তে। ক্লান্ত শরীর নিয়েও মনে ছিল এক অজানা উত্তেজনা।

— বিজ্ঞাপন —

ভোররাতে তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে আমরা পায়ে হেঁটে রওয়ানা হই ডেমরা-র দিকে। ডেমরাতেই ছিলো আমাদের নির্ধারিত অবরোধ স্পট। সেখান থেকে সারাদিন কর্মসূচি শেষে যোহরের পর আমরা আবার রওয়ানা দিই, গন্তব্য তখনও পুরোপুরি অজানা।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই ঢাকার মতিঝিল শাপলা চত্বর-এ।

সেখানে পৌঁছে দেখি চারপাশে এক অস্বাভাবিক পরিবেশ। কিছুক্ষণ পর পর ভ্যানগাড়িতে করে আহত ও শহিদের লাশ আনা হচ্ছে। যারা বিভিন্ন স্থান থেকে আসার পথে তৎকালীন সরকারের পালিত দলীয় ক্যাডার বাহিনীর আক্রমণে শাহাদাত বরণ করেছিলেন।  তখন চারপাশে কান্না ও শোক মিলিয়ে এক ভারী আবহ তৈরি হয়েছিল। পাশের একটি মাদ্রাসায় তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে আমরা কয়েকজন মিলে গোসল করানোর কাজে অংশ নিই—একটি অভিজ্ঞতা যা আজও স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে।

সমাবেশস্থলে তখন অসংখ্য মানুষের উপস্থিতি। বক্তৃতা চলছিল, আর চারপাশে ছিল এক অদ্ভুত নীরব উত্তেজনা। রাতের প্রথম প্রহরে হঠাৎ করেই লাইট নিভে যায়। অন্ধকার নেমে এলে মানুষের মধ্যে অজানা আশঙ্কা ছড়িয়ে পড়ে।

কিছুক্ষণ পর রাস্তায় পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। তরুণরা ব্যারিকেড তৈরি করে প্রবেশ ঠেকানোর চেষ্টা করছিল। রাতের সেই সময়টা ছিল দোলাচলে ভরা—ভয়, অনিশ্চয়তা আর স্থির থাকার চেষ্টা একসাথে চলছিল।

আস্তে আস্তে রাত গভীর হতে থাকে। কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কেউ নামাজ ও জিকিরে ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎ আবার পরিস্থিতি বদলে যায়—শুরু হয় যৌথবাহিনীর অভিযান। অল্প সময়ের মধ্যেই সমাবেশ স্থল ভয়ংকর নগরীতে পরিনত হয়। লিখিত হয় এক জঘন্যতম গণহত্যার ইতিহাস।   শোরগোল, দৌড়ঝাঁপ, আর এক অজানা অস্থিরতা চারপাশে ছড়িয়ে পড়ে।

আমি তখন দিকহীন অন্ধকারে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কোথায় যাবো বুঝতে না পেরে শুধু মানুষের স্রোতের সঙ্গে ছুটতে থাকি। দীর্ঘ সময় পর পৌঁছে যাই যাত্রাবাড়ী মাদ্রাসা-তে।

ফজরের পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। কিছুক্ষণ পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে, মাদ্রাসায় হামলা করা হয় এবং অনেকেই আহত হন। তখন জানতে পারি আমাদের সহপাঠী আরাফাত ভাই গুরুতর আহত হয়েছেন। যৌথবাহিনীর ছোড়া গুলিতে তার দুটি পা ঝাঁঝরা হয়ে যায়। তাকেও আনা হয়েছে যাত্রাবাড়ী মাদ্রাসায়। 

দুপুরে তাকে নিয়ে আমি কমলাপুর রেলস্টেশন-এ গিয়ে ট্রেনে করে ফিরে আসি ব্রাহ্মণবাড়িয়া। তাকে ভর্তি করা হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ।

ঐদিনই ১সপ্তাহের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয় কিন্তু আমি সেদিন বাড়ি ফিরে যাইনি। সহপাঠীর পাশে থেকে যাওয়া ছাড়া অন্য কিছু করার মানসিকতা ছিল না। তাই সেই কয়েকদিন আমি তার সঙ্গেই ছিলাম।

সময় অনেক পেরিয়ে গেছে। কিন্তু সেই রাত আজও আমার স্মৃতিতে অমলিন। শাপলা চত্বরের সেই অভিজ্ঞতা আমার জীবনের একটি গভীর অধ্যায়—যেখানে ভয়, অনিশ্চয়তা, দায়িত্ববোধ এবং মানবিক অনুভূতি একসাথে মিশে গিয়েছিল।

আজ এত বছর পরও সেই স্মৃতি মনে হলে মন ভারী হয়ে আসে। তবে একই সঙ্গে মনে হয়—এই অভিজ্ঞতাই আমাকে আরও পরিণত, সংবেদনশীল এবং বাস্তবমুখী মানুষ হিসেবে গড়ে তুলেছে। ইতিহাসের সেই অধ্যায় নিয়ে ভিন্ন মত থাকলেও, আমার কাছে এটি চিরকাল এক গভীর স্মৃতি এবং জীবনের শিক্ষণীয় অংশ হয়ে থাকবে।

লেখায় : হাফেজ মাওলানা নুরে আলম জাহাঙ্গীর , কাতার প্রবাসী, লেখক ও সাংবাদিক।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗