— বিজ্ঞাপন —

সদর হাসপাতালে দালাল চক্রের মূল হোতা আটক, উপরমহলের নির্দেশে ছেড়ে দেওয়ার অভিযোগ!

1000195494
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া ও দালাল সিন্ডিকেটের তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই চক্রের মূল হোতা হিসেবে পরিচিত মাসুম নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি রাশেদুল হক সজীব। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের লিখিত সতর্কতা, জরিমানা কিংবা শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপরমহলের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অনেকেই দাবি করেন। তবে প্রশাসনের পাল্টাপাল্টি বক্তব্যে সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একাধিক সূত্রের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের সঙ্গে জড়িত। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের ভেতরে ও আশপাশে সক্রিয় রয়েছে। চক্রটির সঙ্গে রাজনৈতিক মহলের কিছু ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এ ছাড়া চক্রটির সদস্যদের বিরুদ্ধে ভিটামিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধরনের ওষুধ ও মেডিসিন পণ্য ডাক্তারদের মাধ্যমে রোগীদের মধ্যে সরবরাহের অভিযোগ রয়েছে, যেগুলোর প্রাতিষ্ঠানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব পণ্য সরবরাহে হাসপাতালের কিছু চিকিৎসকের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। 

— বিজ্ঞাপন —

ঘটনার সময় উপস্থিত থাকা বিভিন্ন সূত্র জানায়, প্রতিদিনের মতো রবিবারও (১ নভেম্বর) মাসুম হাসপাতাল থেকে রোগী বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদ তার আচরনে সন্দেহ তৈরি হওয়ায় তাকে আটক করা হয় বলে জানা যায়।আটকের পর বিষয়টি থানায় জানানো হলে একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘটনাস্থলে এনডিসি রাশেদুল হক সজীব আসেন বলে জানা যায়। 

আটক অবস্থায় মাসুম উপস্থিত সাংবাদিকদের আর্থিক লেনদেনের প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন সাংবাদিক। 

অন্যদিকে, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই তাকে ছেড়ে দেওয়ায় স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়েও কেন কোনো লিখিত ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জেলা প্রশাসনের এনডিসি রাশেদুল হক সজীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বা তার সম্মুখে ঘটনা ঘটার বিষয়টি গুরুত্বপূর্ণ। যেহেতু তার উপস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটেনি কিংবা দালালির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তাই কোনো মামলা বা জরিমানা না করে মৌখিকভাবে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার দাবি, মাসুমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। মাসুম তার বোনকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। কাউকে সরাসরি অপরাধ করতে না দেখলে আটক করা যায় না। উপরমহলের নির্দেশে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ফোনকল বা কারও নির্দেশনা ছিল না। এনডিসি আরও দাবি করেন, পুলিশ মাসুমকে আটক করেনি। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। পরবর্তী সময়ে নিরাপত্তাকর্মীরা তাকে দালাল হিসেবে প্রমাণ করতে পারেননি বলে জানানোয় তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে তাকে আটক করা পুলিশদের ভাষ্য, হাসপাতালের জরুরি বিভাগের সামনে মাসুমকে বিভিন্ন রোগীর সঙ্গে নানা ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। আটকের সময় তার সঙ্গে মা, বোন, স্ত্রী কিংবা অন্য কোনো নারী ছিলেন না বলেও জানায় পুলিশের সদস্যরা। তবে আটকের পর এবং এনডিসি ঘটনাস্থলে আসার পর কয়েকজন নারী সেখানে উপস্থিত হন। পুলিশ আরও জানায়, মাসুমের বিরুদ্ধে দালালির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও প্রথমবারের মতো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এনডিসি জানিয়েছেন।

এদিকে, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ থাকা সত্ত্বেও তাদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কতটুকু নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং দালাল চক্রের তৎপরতা বন্ধে হাসপাতাল প্রশাসন ও জেলা প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছেন সচেতন নাগরিকরা।

সংবাদদাতা : শেখ জোনায়েদ (ব্রাহ্মণবাড়িয়া)

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗