ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করার পর মোবাইল কোর্ট পরিচালিত হলেও তাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
জানা যায়, রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ভেতরে দালালী করতে দেখে মাসুম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রাশেদুল হক সজীব।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল এলাকার অনেকেই মাসুমকে দীর্ঘদিন ধরে দালাল হিসেবে চেনেন। এমনকি হাসপাতালের নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট অনেকের কাছেও তিনি পরিচিত মুখ। এরপরও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের এনডিসি রাশেদুল হক সজীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মোবাইল কোর্ট পরিচালনার সময় মাসুমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি তার বোনকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। কাউকে সরাসরি অপরাধ করতে না দেখলে আইনগতভাবে আটক বা শাস্তি দেওয়া যায় না। তবে তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে সচেতন সমাজের একটি অংশের দাবি, “বোনকে হাসপাতালে নিয়ে আসার বিষয়টি সাজানো। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা উচিত ছিল। শুধু তাৎক্ষণিকভাবে অপরাধ করতে না দেখার যুক্তিতে বিষয়টি শেষ করে দিলে প্রকৃত দালাল চক্র ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে।”
এদিকে হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। সেবা নিতে আসা রোগী ও স্বজনদের একটি অংশের দাবি, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দালাল চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।