ব্রাহ্মণবাড়িয়ায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইমাম-খতিব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলেম-ওলামাদের পারস্পরিক ঐক্য, দ্বীনি দায়িত্ব পালন এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় জেলা শহরের কলেজপাড়ায় আইআইটি পরিচালিত দারুল হিকমাহর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাওলানা আতাউল্লাহ হাবিবীর সঞ্চালনায় এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মুফতি শরীফ উল্লাহ তারেকী, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাহমুদুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতি ইমরান হুসাইন, মুফতি মুঈনুদ্দীন, মুফতি ইসহাক বিন ফজলুল হক, হাফেজ জিল্লুর রহমানসহ স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, ‘আমাদের প্রধান মুরুব্বি ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (রহ.)। তাঁর নির্দেশনা অনুযায়ী মাসলাকের ভিন্নতা ভুলে উলামায়ে কেরামের বিপদে-আপদে শানে সাহাবা পাশে ছিল, আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।’
ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী বলেন, ‘সকল মাসলাকের আলেমদের এক মঞ্চে একত্রিত করতে পেরেছে শানে সাহাবা। দলমত নির্বিশেষে এ ফাউন্ডেশন সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
বক্তারা বলেন, শানে সাহাবা একটি মাকবুলিয়্যাতপ্রাপ্ত ফাউন্ডেশন। এ সংগঠনের মাধ্যমে দেশের আলেম সমাজ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং হচ্ছেন। তাঁরা সংগঠনের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে ইমাম-খতিবদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা, দ্বীনি দায়িত্ব যথাযথভাবে পালন, সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আলেম-ওলামার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইমাম-খতিবদের দ্বীনি খেদমতকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার আহ্বান জানানো হয়।
সম্মেলনের শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে মুফতি মুঞ্জরুল হাসানকে সভাপতি, মাওলানা সৈয়দ আসাদুল করীমকে সেক্রেটারি, দেলোয়ার হোসাইন মাহদীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আতাউল্লাহ হাবিবী ও মাওলানা হাবিবুর রহমানকে যুগ্ম সেক্রেটারি, মাওলানা মাহমুদুল হাসানকে সহ-সভাপতি এবং শামসুজ্জামান সোহাগকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করে পূর্ণাঙ্গ কমিটি গোছানোর দায়িত্ব দেওয়া হয়।
নবনির্বাচিত দায়িত্বশীলদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইমাম-খতিবদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দ্বীনি কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত আলেম-ওলামা।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।