সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রবাসী যুবক নজরুল ইসলামকে হারিয়ে শোকে স্তব্ধ তার পরিবার। পরিবারের অভিযোগ, দীর্ঘ তিন বছর তিন মাস কারাবন্দি থাকার পর গত ১৪ অক্টোবর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও আগে থেকে কিছুই জানানো হয়নি তাঁদের। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনেরা। তাঁদের দাবি, এখন পর্যন্ত কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।
নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ইউনিয়নস্থ বিরামপুর গ্রামের আব্দুল বাছিরের বড় ছেলে। চার সন্তানের মধ্যে সবার বড় নজরুলকে হারিয়ে দিশাহারা পরিবারটি। পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের খবর তাঁরা প্রথম জানতে পারেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর আপন ফুফু আবেদা বেগম।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, পরিবারের অভাব দূর করে একটু স্বচ্ছলতার মুখ দেখানোর আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান নজরুল ইসলাম। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। সাত লাখ টাকা ঋণ করে তাঁকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা আব্দুল বাছির। সৌদি আরবে যাওয়ার প্রায় ছয় মাস পর মক্কা নগরীর একটি মসজিদে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
নজরুলের গ্রেপ্তারের খবর পরিবার জানতে পারলেও কী কারণে তাঁকে আটক করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে পারেনি বলে দাবি স্বজনদের। এরপর দীর্ঘ তিন বছর তিন মাস কারাগারে কাটে তাঁর। এ সময় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নজরুল। তাঁর মা রহিমা বেগমের ভাষ্য, কারাগারে থাকাকালেও প্রতি রোববার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন ছেলে। কিন্তু হঠাৎ করেই সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরিবারের অভিযোগ, গত ১৪ অক্টোবর নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তাঁদের আগে থেকে কিছু জানানো হয়নি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তাও তাঁরা পাননি বলে দাবি করেছেন।
সৌদি কারাগারে নিয়ম অনুযায়ী প্রতি রবিবারে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ গ্রহণ করেও তারা প্রকৃত ঘটনা পরিবারকে বলেনি। যার কারণে পরিবারও বিষয়টি গুরুতর আকারে ভাবেনি। অপরদিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের ফজল মিয়ার মেয়ে সুইটি (সিঁথি) আক্তারের পরিবারেরও একই দাবি।
নজরুলের বাবা আব্দুল বাছির বলেন, ‘আমার ছেলে কী কারণে জেলে ছিল, তা আমি এখনো জানি না। হঠাৎ ফেসবুকে তার মৃত্যুর সংবাদ দেখতে পেলাম।’
তিনি আরও বলেন, ‘সাত লাখ টাকা ঋণ করে ছেলেকে পরিবারের হাল ধরার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। যাওয়ার ছয় মাস পর থেকেই সে জেলে ছিল। এর মধ্যে দেড় লাখ টাকা পাঠিয়েছিল। এখন ঋণদাতারাও আমাকে চাপ দিচ্ছেন। আমি আমার ছেলের মরদেহ দেশের মাটিতে ফিরে পেতে চাই। আমার ছেলেকে যদি বিনা কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে আমি এর বিচার চাই।’
ছেলের মৃত্যুর খবরের পর পরিবারটির ওপর নেমে এসেছে শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা। ঋণের বোঝা, উপার্জনক্ষম সন্তানকে হারানোর বেদনা এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ার হতাশা—সব মিলিয়ে দিশাহারা স্বজনেরা।
গ্রামজুড়ে শোক, উঠছে দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন
নজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সমবেদনা জানাচ্ছেন তাঁরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি গাজী নিয়াজুল করিম বলেন, নজরুলকে যে শাস্তি দেওয়া হয়েছে, এমন অপরাধ তিনি করেছেন বলে তাঁর মনে হয় না। এ ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গাজী নিয়াজুল করিমের অভিযোগ, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যথাযথ যোগাযোগ ও উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তাঁর দাবি, নজরুলের পরিবারের সঙ্গে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা রাহাত ও মাইনুদ্দিনও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সৌদি আরবের সামাজিক ও নীতিগত পরিবর্তনের পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন। তাঁরা নজরুলের পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মরদেহ দেশে ফেরানোর দাবি পরিবারের
গত ১৪ অক্টোবর মৃত্যুদন্ড কার্যকর হলেও এখন পর্যন্ত উভয়ের মৃতদেহ দেশে পাঠানো হয়নি। তাই নজরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা। একই সঙ্গে তাঁরা জানতে চান, কী অভিযোগে নজরুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বিচারপ্রক্রিয়ায় তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল কি না এবং বাংলাদেশি কর্তৃপক্ষ এ বিষয়ে আগে থেকে কিছু জানত কি না।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি। তবে মরদেহ দেশে এলে নজরুল ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হওয়ায় নিয়ম অনুযায়ী সহায়তা করা হবে।
সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ
নজরুলের মৃত্যুদণ্ডের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসার পর বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরব সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর তারা সৌদি কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে।
ঘটনাটির বিচারিক নথি, মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং বাংলাদেশি কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পরিষ্কার নয়। ফলে নজরুলের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন রয়ে গেছে।
একজন তরুণের বিদেশযাত্রার পেছনে ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। সেই স্বপ্নের পরিণতি হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। এখন পরিবারের প্রত্যাশা—মৃত্যুদণ্ড কার্যকরের প্রকৃত কারণ জানানো হোক, মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং পুরো ঘটনা সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা হোক।
মানবজমিন ও প্রথম আলোর বরাতে জানা যায়,
১৮ অক্টোবর জেদ্দায় অবস্থিত কনস্যুলেটের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস পশ্চিম সৌদি আরবের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশিদের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে। সেই অনুরোধের জবাবে ৩০ সেপ্টেম্বর একটি তালিকা পাওয়া যায়। তালিকায় নজরুল ও সুইটির নাম থাকলেও তাদের সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না। সৌদি কর্তৃপক্ষ ওই দুই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি। নজরুলের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং সুইটির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগের উল্লেখ থাকলেও তাদের কী সাজা দেয়া হয়েছিল, তা জানানো হয়নি। তাই ঐ দুই জনের বিষয়টি আলাদা করে দেখার সুযোগ ছিলনা। মৃত্যুদন্ডের পরেও আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষ বিষয়টি কনস্যুলেটকে জানায়নি। তাই এ বিষয়ে সৌদি আরবের কাছে দুই বাংলাদেশির মামলার বিস্তারিত বিবরণ, বিচারপ্রক্রিয়ায় নেয়া পদক্ষেপ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছিল কিনা, তা জানতে নতুন করে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা।
তবে বিশ্লেষকরা বলছেন, বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়ে থাকলে বন্দিদের তালিকায় দুই বাংলাদেশির নাম ও অভিযোগের উল্লেখ থাকলেও তাদের সাজার তথ্য কেন জানানো হলো না। তালিকায় মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ থাকলে সংশ্লিষ্ট মিশন তাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুযোগ পেতো বলে বৈঠকে তুলে ধরা হয়। সৌদি কর্মকর্তারা এ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।