ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদরাসার মাহফিলের জন্য অর্থ সংগ্রহ করতে যাওয়া এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকের সময় তার মোবাইল ফোনে অপহরণের ঘটনার একাধিক ভিডিও পাওয়া গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চুন্টা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সরাইলের আখিঁতারা গ্রামের চন্দুর বাড়ির বাসিন্দা বাদল মিয়ার ছেলে মাসুদুর রহমান বলে সে স্বীকার করেছে।
জানা যায়, কিছুদিন আগে সুহিলপুর কেন্দুবাড়ী কাসেমুল উলূম মাদরাসার কয়েকজন ছাত্র মাহফিলের জন্য অর্থ সংগ্রহ করতে সরাইলের উচালিয়াপাড়ায় যায়। এ সময় দুই হাজার টাকা মাহফিলে দান করার কথা বলে সাইফুল ইসলাম নামের এক ছাত্রকে পানিশ্বর এলাকার একটি বাড়িতে নিয়ে কক্ষে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে ইমুর মাধ্যমে ওই ছাত্রের বাবার সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ৭৬ হাজার টাকা দিয়ে তাকে মুক্ত করে আনে পরিবার।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিপণ দাবির পর তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে শেষ পর্যন্ত টাকা দিয়ে সন্তানকে মুক্ত করতে বাধ্য হন।
এদিকে ঘটনার পর অভিযুক্তকে শনাক্ত ও আটকের জন্য মাদরাসার পক্ষ থেকে ১০টি দল সরাইলের বিভিন্ন বাজারে পাঠানো হয়। মঙ্গলবার চুন্টা বাজারে একটি দলের সদস্যরা তাকে দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে চুন্টা মাদরাসার মাঠে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
সুহিলপুর কেন্দুবাড়ী কাসেমুল উলূম মাদরাসার এক শিক্ষক জানান, আগামী ৭ নভেম্বর থেকে মাদরাসার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে কয়েকজন ছাত্র নিজ এলাকায় কালেকশনের দায়িত্ব চায়। পরে নয়জন ছাত্রের সঙ্গে দায়িত্বশীল হিসেবে তাকেও পাঠানো হয়। দুপুরে খাবারের সময় ছাত্রদের একটি জায়গায় বসিয়ে তিনি খাবার খেতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। কোল্ড ড্রিংকসসহ বিভিন্ন খাবার খাওয়ানোর পাশাপাশি কালেকশন করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনকে সঙ্গে নেয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে আটকে রেখে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে।
তিনি আরও জানান, ঘটনার পর থানায় জিডি করা হয়। অভিযুক্ত ব্যক্তির কণ্ঠস্বর মোবাইল ফোনে শোনা এবং ছাত্রদের মাধ্যমে তার চেহারা শনাক্ত করার ভিত্তিতে ১০টি দল বিভিন্ন বাজারে অনুসন্ধান চালায়। চুন্টা বাজারের দল তাকে দেখতে পেয়ে খবর দিলে স্থানীয়দের সহায়তায় আটক করা সম্ভব হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে অভিযুক্তকে নিয়ে যায়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।