— বিজ্ঞাপন —

খোরাকির ধান বেচে প্রথম বই প্রকাশ করেছিলাম : মুফতি মুবারকুল্লাহ

1000186634
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

তখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদরাসায় কাফিয়া জামাতে পড়ি। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কওমি মাদরাসাগুলো ছাত্রসংকট নিয়ে বড়ই কঠিন সময় পার করতে হয়েছে। তখন ছাত্রদের মধ্যে মাদরাসা ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল। কওমি মাদরাসা ছেড়ে কেউ স্কুলে, কেউ আলিয়া মাদরাসায় চলে যেতে শুরু করল। আবার কেউ কেউ চলে গেল সেনাবাহিনীতে। আমি পড়লাম ভীষণ বিপাকে। কী করব তা নিয়ে ভাবনা। আল্লাহর অশেষ মেহেরবানিতে সিদ্ধান্ত নিলাম, কওমি মাদরাসাতেই পড়ব। তবে বাংলা ইংরেজি শিখব। মালীহাতা মাদরাসায় তখন একজন যোগ্য মাস্টার ছিলেন। মাস্টার ফজল আলী সাহেব রহ.। তখন তো কওমি মাদরাসায় বাংলা ইংরেজি ছিল না বললেই চলে। নিচের দু’একটি জামাতে সামান্য পরিমাণ পড়ানো হতো। যেমন—মুসলিম সাহিত্য প্রথম ও দ্বিতীয় খণ্ড ইত্যাদি। আমি ওই স্যারের কাছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি পড়তে লাগলাম। রমজানের ছুটিতে গ্রামের হাইস্কুলের মাস্টার মামাতো ভাই জনাব আবু বকরের কাছে অষ্টম শ্রেণির ইংরেজি সাহিত্য পড়লাম। আর বাংলা নিজে নিজে চর্চা করতে লাগলাম।

এরপর মাসিক মদিনাসহ কিছু পত্রিকা নিয়মিত পড়তে শুরু করি। একসময়ে বাংলা চর্চার অবস্থা হলো, প্রতিদিন ফজরের বাদ কিছু সময় কুরআন তেলাওয়াত, এরপর কিছু সময় বাংলা সাহিত্য এবং কঠিন বাংলার একটি বই নিয়ে কয়েক পৃষ্ঠা গভীর মনোযোগ দিয়ে পড়তাম। যে শব্দটি বুঝে আসত না, সঙ্গে সঙ্গে অভিধান খুলে অর্থটি বুঝে নিতাম। এই ছিল আমার নিয়মিত বাংলা চর্চার কর্মসূচি। মাঝে মাঝে ভাষা শেখার উদ্দেশ্যে কিছু কিছু উপন্যাসও পড়ি। যেমন—নাসিম হিজাজির ‘খুনরাঙা পথ’, ‘সীমান্ত ঈগল’, ‘ভেঙে গেল তলোয়ার’ ইত্যাদি। ততক্ষণে বাংলার প্রতি আমার অন্তরে একটি আসক্তি জেগে যায়।

দাওরার (মাস্টার্স) পর জামিয়া ইসলামিয়া পাটিয়াতে ইফতা পড়ার বছর মাদরাসা রোডের আত্মপ্রকাশ লাইব্রেরিতে ‘হাইরাতুল ফিকাহ’ নামে সুন্দর একটি রেসালা হাতে পড়ল। কিনে নিলাম। বড় চমৎকার মনে হলো। তরজমা করতে শুরু করলাম। একসময় তরজমা শেষ হয়ে গেল। পরবর্তী সময়ে ‘আজব হলেও গুজব নয়’ (মাসআলার ধাঁধা) নাম দিয়ে ফেলে রাখলাম। বেশ কয়েক বছর এমনিই পড়ে রইল। তবে বাংলা চর্চা আগের মতোই চলতে থাকল। এরপর কয়েক বছর শিক্ষাকতায় চলে গেল। একসময়ে মাওলানা আশেকে এলাহি বুলন্দশহরি রহ.-এর একটি উর্দু রেসালা ‘হালাতে জাহান্নাম’ (জাহান্নামের শাস্তি) অনুবাদ করে আমার তা’লীমি ও ইসলাহি মুরব্বি আল্লামা মুফতি নূরুল্লাহ রহ.-কে পড়ে শোনালাম। শুনে হযরত বললেন, ‘হয়তো সাধু নয়তো চলিত, যেকোনো একটি ভাষা লিখে নিয়ে এসো।’

— বিজ্ঞাপন —

আমিও জানতাম, উভয় ভাষা মিশ্রণ নিন্দনীয়, কিন্তু লেখার সময় তা খেয়াল করিনি। বেখেয়ালে উভয় ভাষার মিশ্রণ হয়ে গেছে। পরে পুরো লেখাটা চলিত ভাষায় রূপান্তরিত করে একসময়ে জামিয়ার দফতরে রঈসুল মুফাসসিরিন শায়খুল হাদীস উস্তাদে মুহতারাম আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহ., নাজিমে তালিমাত উস্তাদে মুহতারাম আল্লামা মুতিউর রহমান সাহেব রহ.-সহ আসাতিযায়ে কেরামকে পুরো লেখাটি পড়ে শোনালাম। সবাই খুশি হলেন, দোয়া করলেন। মনে উৎসাহ পেলাম। এটি ছাপানোর জন্য মুফতি সাহেব হুজুরের কাছে অনুমতি চাইলে তিনি বললেন, ‘তু’রাফুল আশইয়া বিআজদাদিহা’ মানে বিপরীত বস্তুর দ্বারা বস্তুর সঠিক পরিচয় পাওয়া যায়। জাহান্নাম সম্পর্কে লিখেছ, আরেকটি জান্নাত সম্পর্কে লিখো।

অনেক খোঁজাখুঁজির পরও জান্নাত সম্পর্কে কোনো রেসালা সংগ্রহ করা গেল না। শেষ পর্যন্ত হাদিসের কিতাবের জান্নাত অধ্যায় ও বিভিন্ন বাংলা বইয়ের সহযোগিতা নিয়ে একটি আলাদা অংশ দাঁড় করালাম। বইয়ের নাম দিলাম ‘জান্নাত ও জাহান্নাম’। ছাপানোর আগে চিন্তা করলাম, বাংলা ভাষায় আমি স্বশিক্ষিত। এ ব্যাপারে আমার শিক্ষার দৌড় হলো প্রাইমারি স্কুল। এতটুকুন যোগ্যতা নিয়ে একটি বাংলা বই ছাপিয়ে নেব? দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গেলাম। পাছে যদি সমালোচনার ঝড় ওঠে! অনেক ভেবেচিন্তে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ, বহু গ্রন্থপ্রণেতা, প্রখ্যাত সাহিত্যিক জনাব মিন্নত আলী স্যারের শরণাপন্ন হলাম। বইটি দেখে দেওয়ার আবদার করলাম। তিনি স্বতঃস্ফূর্ত দেখে দিলেন। কাটাছেঁড়া তেমন একটা করলেন না। এতে ছাপানোর সাহসটা আরও বেড়ে গেল।

এবার ছাপানোর পালা। ঢাকায় মাওলানা মুহিউদ্দীন খান সাহেবের মদিনা পাবলিকেশন্সে গিয়ে হুজুরের সঙ্গে আলোচনা করলাম। তিনি বললেন, এক হাজার বই ছাপাতে সাত হাজার টাকা লাগবে।

তখন আমি মাদরাসা-মসজিদ মিলিয়ে মাসে দুই হাজার টাকা বেতন পেতাম বলে মনে পড়ে না। বই কী করে ছাপাবো। ভীষণ চিন্তায় পড়ে গেলাম। জমি থেকে যে ধান পেতাম তা দিয়ে পূর্ণ বছরের খোরাকির ব্যবস্থা হতো। অনেক ভেবেচিন্তে খোরাকির চিন্তা না করে সব ধান সাত হাজার টাকায় বেচে দিলাম। আল্লাহর রাজ্জাকিয়াতের ওপর ভরসা করে বই ছাপিয়ে নিলাম। পরবর্তী সময়ে ‘আজব হলেও গুজব নয়’, মাকসাদে হায়াত, আলিফিয়াতুল হাদীস, মহব্বতে এলাহী, মহব্বতে রাসুলসহ বেশ কয়েকটি বই হিম্মত করে ছাপিয়ে নিলাম।

এতে করে জামিয়া ইউনুছিয়ার আমার মুহতারাম আসাতিজায়ে কেরাম স্বতঃস্ফূর্ত দোয়া করতে লাগলেন। বিশেষ করে আমার একান্ত মুরুব্বি ও শায়খ উস্তাদে মুহতারাম আল্লামা নুরুল্লাহ রহ.-এর দিকনির্দেশনা ও দোয়ার বরকতে লেখা চলতে লাগল। একসময়ে জামিয়া ইউনুছিয়ার পক্ষ থেকে ‘ফাতওয়ায়ে জামিয়া ইউনুছিয়া’ নামে কিতাব প্রকাশের আসাতিজায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো। অধমের ওপর এর জিম্মাদারি অর্পণ করা হলো। এবার শুরু হলো নতুন উদ্যমে ব্যাপক পড়াশোনা ও লেখালেখি। প্রতি বছর তাকমিলে হাদিসের ছাত্রদের উদ্যোগে এক খণ্ড করে ‘ফাতওয়ায়ে জামিয়া ইউনুছিয়া’ ফাতওয়ায়ের কিতাব প্রকাশ হতে লাগল। এরই ধারাবাহিকতায় ফিকহি তরতিবের অনুযায়ী আল্লাহর রহমতে দশ খণ্ড ফাতওয়ায়ের কিতাব প্রকাশিত হয়ে গেল।

এভাবেই মুরুব্বিদের নেক দৃষ্টি ও দোয়ার বরকতে এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এ পর্যন্ত ছোট-বড় ৭০টি বই প্রকাশ করতে সক্ষম হয়েছি। আরও ১২টি বই প্রকাশের অপেক্ষায় আছে। মহান আল্লাহর শাহী দরবারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লেখালেখিসহ দীনের সার্বিক খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তাওফিক কামনা করছি। আল্লাহ তুমি মঞ্জুর করো। আমিন!

■ মুফতি মুবারকুল্লাহ: মুহতামিম ও শায়খুল হাদিস

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗