— বিজ্ঞাপন —

একজন তিরোহিত নির্ভিক দুঃসাহসী আলেমের গল্প

1000177056
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আল্লামা মুনিরুজ্জামান সিরাজী সাহেব। রহমাতুল্লাহি আলাইহি। একজন নির্ভিক দুঃসাহসী আলেমে দ্বীন। তিনি এখন তিরোহিত, প্রয়াত। ছিলেন দ্রোহ ও বিপ্লবের প্রতীক। বাতিল ও তাগুতের আতঙ্ক। হক ও সত্যের ঝাণ্ডাবাহী। কুরআন-সুন্নাহর মশালধারী। সত্য ও সুন্দরের বার্তাবাহক। নির্লোভ নিরহংকার। কুরআন-হাদীসের একজন নিবেদিত প্রাণ আলোকবর্তিকা। ছিলেন সুন্নতের অনুসারী। রাতজাগা সাধক। দ্বীনের অতন্দ্র প্রহরী। 

ছিলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর আস্থা ও বিশ্বাসের বাতিঘর। তাদের সুখ-দুঃখের নিত্যসঙ্গী। জাতির দূর্দিনে তাদের প্রিয় অভিভাবক। ছিলেন বড়দের স্নেহভাজন। সমকক্ষদের আস্থাভাজন। ছোটদের শ্রদ্ধাভাজন। আর ছাত্রদের প্রিয়ভাজন।

— বিজ্ঞাপন —

তাঁকে সর্বপ্রথম কোথায় কখন দেখেছি, ঠিক স্মরণ করতে পারছি না। আমার বড় চাচা ব্রাহ্মণবাড়িয়া টান বাজার জিহাদি জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা ইউনূছ আলী রহ. ও আমার বাবা মাওলানা আবদুল আলী রহ. এর সঙ্গে তাঁর বেশ গভীর সম্পর্ক ছিল। টান বাজার জামে মসজিদে তিনি মাসিক ইজতেমা করতেন। ২০১৭ সনে চাচার ইন্তেকালের পর আমাদের বাড়ির মাহফিলেও তিনি এসেছিলেন। চাচাতো ভাইদের ঘরে খাবার খেয়েছেন। এর আগে কখনো এসেছেন কি না আমি সঠিক বলতে পারবো না। কারণ, বড় চাচা আমাদের গ্রামের বাড়িতে থাকতেন না। থাকতেন শহরে বাসা নিয়ে। 

ভাদুঘর মাদরাসায় আমি পড়াশোনা করিনি। তাঁর দরসে বসার সৌভাগ্যও হয়নি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াজ-মাহফিলে তাঁকে দেখেছি। আগ্রহ ও শ্রদ্ধাভরে তাঁর কথামালা শুনেছি। ব্রাহ্মণবাড়িয়ার বড় সব মাহফিলেই তিনি সভাপতি বা প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হতেন। ফলে খুব কাছে থেকে তাঁকে দেখেছি বহুবার। সুদ-ঘুষ আর বাতিলের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল বেশ বলিষ্ঠ। তিনি কারো চোখ রাঙানিকে ভয় পেতেন না। যা সত্য ও সঠিক নির্ভয়ে তা-ই বলে যেতেন। 

একটা ঘটনা বলি। আমি তখন চান্দপুর মাদরাসায় পড়ি। সালটা ২০১১কি ১২হবে। মুফতী আমিনী রহ. তখন গৃহবন্দী। ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়াস্থ কারিগরি শিক্ষালয়ের বার্ষিক মাহফিল। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. ও আল্লামা মুনিরুজ্জামান সিরাজী রহ.সহ আরো কয়েকজন প্রবীণ আলেমের দাওয়াত ছিল। দিনটা ছিল বৃহস্পতিবার। আমি এ দুই বুযুর্গের ওয়াজ শোনার জন্যে পাঘাচং রেলওয়ে স্টেশন হতে বিকেলে কর্ণফুলি ট্রেনে চড়ে শহরে যাই। বাদ মাগরিব একজনের পরে মঞ্চে ওঠেন আল্লামা সিরাজী রহ.। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেন। তাদের অপশাসনের ফিরিস্তি একের পর এক তুলে ধরতে থাকেন। আলেমসমাজের ওপর আওয়ামী লীগের জুলুমের কথা উচ্চস্বরে বলতে থাকেন। জনতা মুহুর্মুহূ তাকবিরধ্বনি তোলে। হবিগঞ্জী রহ.-ও তখন মঞ্চে বসা ছিলেন। আওয়ামী দুঃশাসন তখন তুঙ্গে। তাঁর বক্তব্যের মাঝে সেখানে থাকা এক আওয়ামীপন্থী লোক দাঁড়িয়ে যায়। সরকার বিরোধী কথা বলা বন্ধ করতে বলে। শান্তিপূর্ণ মাহফিল থমথমে অবস্থা ধারণ করে। হুজুরের বয়ান শেষ পর্যায়ে ছিল। কর্তৃপক্ষ অবস্থা শান্ত করতে তাঁকে মাইক ছেড়ে দেয়ার আবদার করেন। আবদার রক্ষার্থে তিনি মাইক ছেড়ে দেন। চলে যান অন্য প্রোগ্রামে। এশার নামাযের পর। হবিগঞ্জী রহ. নসিহত পেশ করছিলেন। নসিহতের মধ্যভাগে সিরাজী সাহেব রহ. আবার এসে মঞ্চে ওঠেন। হবিগঞ্জী রহ. এর নসিহতের শেষ পর্যন্ত মঞ্চে থাকেন। বয়ান শেষ হলে দুজন একসঙ্গে মঞ্চ ত্যাগ করেন। 

এটা একটা সাধারণ ঘটনা। এ ছাড়াও অনেক প্রতিকূল অবস্থায় সিরাজী সাহেব রহ.-কে নির্ভয়ে বুক ফুলিয়ে আওয়ামী দুঃশাসন ও সুদখোর-ঘুষখোরদের বিরুদ্ধে উচ্চকণ্ঠে বক্তব্য দিতে দেখেছি।

ছাত্রকালে আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন। বিভিন্ন চিকিৎসাগ্রহণ করেও কাঙ্ক্ষিত সুস্থতা লাভ করতে পারছিলাম না। সেই সময়ে একবার আব্বাজান রহ. এর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়েছিলাম। পথিমধ্যে সিরাজী সাহেব রহ. এর সঙ্গে সাক্ষাৎ হয়। আব্বা রহ. হুজুরের কাছে আমার সুস্থতার জন্য দুআ চান। হুজুর আমার মাথায় হাত বুলিয়ে দুআ করে দেন। চিকিৎসা চালিয়ে যেতে থাকি। ফলে একসময় আল্লাহর রহমতে সুস্থ হই। আমি বিশ্বাস করি, আমার সুস্থতার পেছনে হুজুরের দুআর বিশেষ ভূমিকা রয়েছে। বরং হুজুরের দুআর কারণেই হয়তো আল্লাহ আমাকে সুস্থ করেছেন।

 

সিরাজী সাহেব হুজুর রহ. এর সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এখন সব’কটি স্মরণ করতে পারছি না। হুজুরের মৃত্যুতারিখ আমার কাছে আমৃত্যু চিরস্মরণীয় হয়ে থাকবে। হুজুর ও আমার আব্বা একই দিনে মারা যান। দিনটি ছিল ৯ আগস্ট। ২০২০ঈসাব্দ। আব্বা আলহাজ্ব মাওলানা আবদুল আলী রহ. দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি। আম্মাজান রহ. ইন্তেকাল করেছেন দুবছর হলো। এখন অসুস্থ আব্বা। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি দিকে যাচ্ছে। পিঠে হালকা জখম থেকে ইনফেকশন হয়ে বড় গর্ত হয়ে গেছে। ডাক্তার জানিয়েছে, শেষবারের মতো চেষ্টা চলছে। ফলাফল আশানুরূপ না হলে ঢাকা নিয়ে যেতে হবে। আমি দৈনিক সকালে বাড়ি থেকে বাটি ভরে ভাত-তরকারি নিয়ে হাসপাতালে যাই। ফিরি সন্ধ্যায়। বাকি বড় তিন ভাই পালাক্রমে সঙ্গে থাকেন। সেজো ভাই প্রবাস থেকে খবরাখবর রাখেন। তো অন্যান্য দিনের মতো সেদিনও খাবার নিয়ে হাসপাতালে যাই। বেলা তখন সকাল ৮টা। নির্ধারিত রুমে গিয়ে কাউকে না পেয়ে বুঝতে বাকি থাকেনি, নিশ্চয়ই ভয়ংকর কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে। পরে যা হবার তাই হলো। আব্বাজান মাওলানা আবদুল আলী রহ. চিরবিদায় নিয়ে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহ…! 

আমরা আব্বার কাফন-দাফন নিয়ে ব্যস্ত। দুপুর সাড়ে বারোটা তখন। কারো মুখ থেকে অনাকাঙ্ক্ষিত শুনতে হলো ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ মুরুব্বি সবার হৃদয়ের স্পন্দন আল্লামা সিরাজী সাহেব হুজুর রহ. ইন্তেকাল করেছেন। শোকের ওপর শোক। তথাপি আমরা ধৈর্য ধরি। বলি তাই যা দ্বারা খুশি হন আমাদের রব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাজী সাহেব হুজুর রহ.সহ আমার আব্বা-আম্মা রহ. ও সকল মৃত মুসলিমকে আল্লাহ মাগফুর মারহুম করুন। সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জান্নাতের বিছানা বিছিয়ে দিন। রহমতের শীতল চাদরাবৃত করুন। আমিন।

লেখক : উবাইদুল্লাহ নাঈম সিরাজী

শিক্ষক, লেখক ও তরুণ আলেম 

স্থায়ী ঠিকানা, তেলীনগর ( বড় মৌলভী বাড়ি) , অষ্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗