— বিজ্ঞাপন —

সত্যের পথে, সবার আগে—দায়বদ্ধ সাংবাদিকতার অঙ্গীকার

1000185352
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সত্য প্রকাশের সাহসী মাধ্যম, জনমানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক এক গুরুত্বপূর্ণ শক্তি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতার দায়িত্ব তাই নিছক সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সত্য উদ্‌ঘাটন, অন্যায়ের প্রতিবাদ, জনস্বার্থ সংরক্ষণ এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার মধ্যেও এর প্রকৃত তাৎপর্য নিহিত।

সময়ের পরিবর্তনে সাংবাদিকতা আজ একটি স্বতন্ত্র ও পেশাদার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর রয়েছে নিজস্ব নীতিমালা, পেশাগত শিষ্টাচার, তাত্ত্বিক ভিত্তি ও নৈতিক দায়বদ্ধতা। একজন দায়িত্বশীল সাংবাদিকের কাছে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, তথ্যের যথার্থতা এবং জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং এগুলোই সাংবাদিকতার মূল ভিত্তি।

এই নীতি ও আদর্শকে ধারণ করেই Bright Barta-এর যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, সত্যের পক্ষে দাঁড়ানো, দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করা এবং রাষ্ট্র ও সমাজের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই আমাদের এই পথচলা।

— বিজ্ঞাপন —

যাত্রার শুরুতেই আমরা স্পষ্টভাবে অঙ্গীকার করছি—সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে আমরা দ্বিধাবোধ করব না, ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল কিংবা বিশেষ স্বার্থের ঊর্ধ্বে থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করাই হবে আমাদের নীতিগত অবস্থান। প্রশংসার যোগ্য কাজের প্রশংসা যেমন আমরা করব, তেমনি ভুল, অনিয়ম, দুর্নীতি ও অসংগতির ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রশ্ন তুলতেও পিছপা হব না।

আমাদের স্লোগান, আমাদের অঙ্গীকার

‘সত্যের পথে, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে Bright Barta-এর পথচলা। তবে সবার আগে থাকার অর্থ কেবল দ্রুত সংবাদ প্রকাশ করা নয়; বরং সবার আগে সত্যের অনুসন্ধান করা, যাচাই করা তথ্য উপস্থাপন করা এবং দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছানো। প্রতিযোগিতার চেয়ে সত্য, চটকদার শিরোনামের চেয়ে নির্ভুল তথ্য এবং সাময়িক জনপ্রিয়তার চেয়ে দীর্ঘমেয়াদি বিশ্বাসযোগ্যতাকেই আমরা বেশি গুরুত্ব দিতে চাই।

আমরা বিশ্বাস করি, একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য শুধু পাঠকসংখ্যা, ভিউ কিংবা জনপ্রিয়তার পরিমাপে নির্ধারিত হয় না। এর সার্থকতা নির্ভর করে মানুষের আস্থা অর্জন, জনস্বার্থ রক্ষা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার সক্ষমতার ওপর।

আমাদের কাজের ক্ষেত্র ও দায়িত্ব

সামাজিক দায়বদ্ধতা থেকে Bright Barta মনে করে, একটি সংবাদমাধ্যমের কাঁধে অর্পিত দায়িত্ব অনেক বড়। এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সহজ নয়। সীমাবদ্ধতা, প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জ থাকবে—তারপরও সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আমাদের কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো হলো—

১. News: দেশ, সমাজ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা।

২. Investigates: আড়ালে থাকা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানের মাধ্যমে তথ্য-প্রমাণসহ সামনে নিয়ে আসা।

৩. Fact Check: প্রচারিত তথ্য, বক্তব্য, দাবি ও ভাইরাল বিষয়বস্তুর সত্যতা যাচাই করে বিভ্রান্তি ও অপতথ্য প্রতিরোধে ভূমিকা রাখা।

৪. Podcast: গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমসাময়িক ঘটনা, জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্ন ও নানা মতের মানুষের বক্তব্য যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে তুলে ধরা।

৫. Feature: মানুষের জীবন, সমাজের সম্ভাবনা, সংকট, সাফল্য, সংস্কৃতি ও অনালোচিত বাস্তবতার গল্প পাঠকের সামনে উপস্থাপন করা।

আমরা চাই, Bright Barta শুধু খবর প্রকাশের একটি মাধ্যম হয়ে না থাকুক; বরং হয়ে উঠুক অনুসন্ধান, তথ্য যাচাই, জনমত গঠন এবং দায়িত্বশীল আলোচনার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

জবাবদিহিই হোক আমাদের শক্তি

সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা উপলব্ধি করেছি, আলোচিত কিংবা সমালোচিত প্রতিটি বিষয়েই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। কোনো ঘটনা জনপরিসরে আলোচনার জন্ম দিলে তার সত্যতা, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করা জরুরি। তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করা সাংবাদিকতার নীতি নয়। অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ, তথ্য-প্রমাণ বিশ্লেষণ এবং ভুল হলে তা সংশোধনের মানসিকতা—এসবই হবে আমাদের কাজের অপরিহার্য অংশ।

Bright Barta প্রতিশ্রুতি দিচ্ছে, জনস্বার্থসংশ্লিষ্ট আলোচিত ও সমালোচিত বিষয়গুলোতে আমরা যথাসম্ভব তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক সাংবাদিকতার চর্চা করব। একই সঙ্গে আমাদের প্রকাশিত কোনো তথ্যে ভুল থাকলে তা স্বীকার ও সংশোধন করার নৈতিক সাহসও রাখব।

আমরা কারও প্রতি বিদ্বেষ ছড়াতে চাই না, কাউকে অযথা হেয় করতে চাই না কিংবা কোনো পক্ষের স্বার্থ রক্ষায় সাংবাদিকতাকে ব্যবহার করতে চাই না। আমাদের লক্ষ্য—তথ্যের আলোয় বাস্তবতাকে তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা।

পথচলা হোক সত্য ও আস্থার

আমরা জানি, একটি বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম গড়ে তোলা এক দিনের কাজ নয়। এর জন্য প্রয়োজন সময়, শ্রম, সততা, পেশাগত দক্ষতা এবং পাঠকের নিরবচ্ছিন্ন আস্থা। আমাদের পথচলায় ভুলত্রুটি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে; কিন্তু সত্যের অনুসন্ধান ও দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার চেষ্টা থাকবে অব্যাহত।

পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, গবেষক এবং সমাজের সচেতন মানুষের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

Bright Barta সত্যের পক্ষে, মানুষের কল্যাণে এবং জবাবদিহিমূলক সাংবাদিকতার প্রত্যয়ে এগিয়ে যেতে চায়। আমাদের প্রতিটি সংবাদ, অনুসন্ধান, তথ্য যাচাই ও ফিচারে প্রতিফলিত হোক সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারত্ব।

এই পথচলায় আমাদের মূল শক্তি হবে সত্য, মূল লক্ষ্য হবে জনস্বার্থ এবং মূল অঙ্গীকার হবে দায়বদ্ধতা।

আল্লাহ তাআ’লা আমাদের এই উদ্যোগকে কল্যাণকর করুন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দিন এবং সত্যের পথে অবিচল রাখুন। আমীন।

দেলোয়ার হোসাইন মাহদী,  সম্পাদক : Bright Barta

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗