স্বাধীন বাংলাদেশের পূর্ব পশ্চিম ও উত্তর এই তিন দিক ঘিরেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের অবস্থান। দক্ষিণে বঙ্গোপসাগর। তুলনামূলক ছোট্ট এ দেশটাকে স্বাধীনতার পর থেকেই হরেক রকম অত্যাচার আর জুলুম করে আসছে প্রভুত্ব দাবিদার রাষ্ট্র ভারত। কখনো বন্যার পানিতে ডুবিয়ে, কখনো সীমান্তে হত্যাযঙ্ঘ চালিয়ে। আবার কখনো ট্রানজিট ও করিডোর সুবিধা ভোগ করে। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটে।
সেই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি রহ.। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ, আপসহীন ও নির্ভীক। ‘জান দেবো জুলাই দেবো না’ বলে জুলাই-চেতনাকে পুনর্জীবিত ও সবার মাঝে ছড়িয়ে দিতে ছিলেন অকতোভয়, দুঃসাহসিক ও বদ্ধপরিকর। ইনসাফ ও ন্যায়ের পক্ষে তাঁর অবস্থান ছিল সুদৃঢ়। শহীদ শরীফ ওসমান হাদি বলতেন, “যে দিন পুরো শাহবাগ ক্ষমা চেয়ে শাপলা গণহত্যার বিচার চাইবে সেদিন ইনসাফের প্রারম্ভ হবে।” – অনলাইন।
তিনি ছিলেন শিক্ষক রাজনীতিবিদ ও সমাজকর্মী। রাজনীতিকে পেট পালবার অস্ত্র হিসেবে নয় বরং দেশ ও জনগণের মুক্তির মাধ্যম জ্ঞান করতেন। শহীদি মৃত্যু ছিল তাঁর একান্ত কামনা। তিনি বলেছেন, “কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না। এটা কোনো ভালো মৃত্যু নয়। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি- একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে আমার বুকে বিদ্ধ হয়েছে। সেই মিছিলে আমি হাসতে হাসতে শহিদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে ভীষণ সন্তুষ্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাই।” -সম্পাদকীয়, শামাদান সপ্তম সংখ্যা।
১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জুমার নামাযের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁকে ঢামেক তথা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত নিউরোসার্জিক্যাল চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুল্যান্সে করে সরকার তাঁকে সিঙ্গাপুরে পাঠান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের এক দল চিকিৎসক তাঁকে লাইফ সাপোর্টে রেখে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি অপরিবর্তনীয় মস্তিষ্ক ক্ষতি এবং একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার শিকার হন। হামলার ষষ্ঠ দিনের মাথায় তথা ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অপারেশন চলাকালীন ৩২ বছর বয়সে শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাতে দেশময় ও দেশের বাইরেও শোকের ছায়া নেমে আসে।
শহীদ শরীফ ওসমান হাদিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তবে তাঁর সবচেয়ে বড় ও প্রধান পরিচয় হলো, তিনি ভারতীয় আধিপত্যবাদের গালে সরাসরি চপেটাঘাত করেছেন তাঁর বক্তৃতা, লেখনী ও ক্রিয়া-কর্মের মাধ্যমে। ফলে অল্পতেই তিনি দেশপ্রেমিক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। একাত্তরের রক্তিম স্বাধীনতার পর থেকে এ দেশে যাঁরাই আধিপত্যবাদি শক্তির মোকাবেলায় বুক টান করে দাঁড়িয়েছেন যদিও তাঁরা অপশক্তির টার্গেটে পরিণত হয়েছেন; কিন্তু দেশবাসীর নির্মল ভালোবাসায় সিক্ত হয়েছেন। হৃদয় জগতের অসীম জায়গা দখল করতে সক্ষম হয়েছেন খুব সহজেই। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু জনালোড়িত একটা মৃত্যু । তিনি মরেও আজ অমর। যত চঞ্চলপ্রাণ আপসহীন বরপুত্রদের নিয়ে বাঙলা ভূমি ইতিহাসের পাতায় সগর্বে নিজের পরিচয় তুলে ধরবে ‘হাদি’ হবেন তাঁদের অগ্রপথিকদের অন্যতম।
লেখক : উবাইদুল্লাহ নাঈম সিরাজী শিক্ষক, তরুণ আলেম, লেখক
মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।